স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে দিন দিন অসহায় হয়ে পড়েছে রাজধানীর নিম্ন আয়ের মানুষেরা। লকডাউনে দু মুঠো ভাত খেয়ে যে ঘরে বসে থাকবে তার জ্যোঁ নেই তাদের।
একদিকে নিজের খাওয়া অন্য দিকে বউ বাচ্চাসহ পরিবারের বাকি সদস্যদের মুখে খাবার তুলে দিতে রীতিমতো হিমশিম খাওয়ার মতো অবস্থা তাদের।আগের লকডাউনে কিছুটা সাহায্য-সহযোগিতা পেলেও এবার তার শিখে কড়িও জুটছে না তাদের। অনেকে বাধ্য হয়ে এরইমধ্যে নেমেছেন রাস্তায়। যেভাবে হোক কমপক্ষে পেটের ভাত তো তাদের যোগাড় করতেই হবে।
জামালপুর থেকে আসা রহিম মিয়া এবং তার ভাতিজা শাজু মিয়া কয়েক বছর ধরে রাজধানীতে মুড়ি চানাচুর মাখা বিক্রি করেন। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন শুরু হয়ে গেলে তাদের কপালে যেনো অন্ধকার নেমে আসে।
রহিম মিয়া জানান, গত লকডাউনে অসুস্থ শরীর নিয়া বাড়িতে গেছিলাম। অনেক ঋণ। মাহাজনরে কইরা বাড়িতে বইয়া বইয়া খাইছি। দ্যাশেও অভাব পড়ছে কাজ কাম হয় না ঠিক মত। ঋণ বাইড়া যাওয়ায় বাইধ্য হইয়া ভাতিজা রে লইয়া ঢাকায় আইছি কিছু কামানোর আশায়। অনেক দিন হইয়া গেছে ঢাকায় আইছি আবার। লকডাউনের আগে নিজেরা খাইয়া কিছু ট্যাহা পয়শা দ্যাশে পাঠাইলেও এখন দ্যাশে ট্যাহা পাঠানো তো দূরে থ্যাক খাওনের ট্যাকাই ঠিক মত উঠাইতে পারতাছি না। পুলিশের চোখ ফাঁকি দিয়া আজকেও বের হওয়ার চেষ্টা করতাছি, দ্যেহি কমপক্ষে খাওনের ট্যাহা উঠাইতে পারি কি না। আবার নিজের টা না হয় চালান যায় কিন্তু দ্যাশে বউ বাচ্চা খাইবো কি ঋণের ট্যাহা শোধ করমু কিসে চিন্তায় মনে হইছে আবার অসুস্থ হইয়া যামু।
রিকশা চালক শাহ আলম জানান, লকডাউনে পত্তম কয়দিন কিছু ট্যাহা কামাইলেও বেসতবার (বৃহস্পতিবার) থাইকা লকডাউনে কামাই নাই, মানুষ বাইরে না থাকলে ক্ষ্যাপ হইবো ক্যামনে। পোলাটা বাসে হেলফারি করতো, হেরোও তো কাম নাই। বাসায় অসুস্থ মা আর বউ মাইয়া লইয়া কষ্টে আছি। এক দিন মনে হচ্ছে বছরের সমান। রিকশা চালাইয়া কোন মতে খাওনের ট্যাহা পাইলেই খুশি।

অপর দিকে ভ্যানে করে খাগড়াই, সন্দেস, টোস বিস্কুট, ঝাল চানাচুর বিক্রি করা মাজেদ মিয়া কষ্টের সাথে বলেন, বাপু লকডাউনে বাইর না হইলে নিজে খামু কি আর ফ্যামিলি চালামু ক্যামনে। আমার ভ্যানের যে মালপাতি বেশি দিন থাকলে নষ্ট হইয়া যাইবো, রাস্তায় গেইলে পুলিশ পিডাইবো জাইনাও আজকে বাইর হইছি। যদি কোনমতে খাওনের ট্যাহাটা বেঁচতে পারি। কেউ কিনতে চাইলে আইজক্যা দাম কইতাছি না। একটু বাড়াইয়া দিয়া দিতাছি।
মহাখালী ফ্লাইওভারের পাশে সাহায্যের আশায় বসে থাকা কয়েকজন মহিলা জানান, মাইনসের সাহায্য নিয়াই আমগোরে চলতে হয়, মাইনসেরা যদি রাস্তায় না আহে তাইলে আমগোরে সাহায্য দিব ক্যামনে। ঘরে বইয়া থাকলে কি কেউ ডাইক্যা খাওন দিব। লকডাউনের কথা হুইনা আগে মাইনসে আমগোরে খাওন দিত, ট্যাহা পয়সা দিত। এইবার কেউ আমাগোর মত গরিবের দিকে দ্যেকতাছে না। আল্লাহ জানেন ক্যামনে আমরা খামু চলমু।
হাতিরঝিল এলাকায় সাহায্য প্রার্থনাকারী সোলেমান আলী জানান, কই বাজান কয়েক দিন দইরা কেউ তো আমাগোর খবর রাহে না, মেলাদিন পরে আইজক্যা এক স্যারে আমারে কিছু চাইল, পিয়াইজ, ড্যাইলের একটা ব্যাগ দিছে। এইভাবে পরতেক দিন কেউ কিছু দিলে আমগোর জইন্যে ভালা হয়, রাইন্দা বাইড়্যা খাওন যায়।
হাতির ঝিলে হেঁটে হেঁটে চা বিক্রি করা রহিমের বউ ছবি তুলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ছবি তুইল্ল্যা লাভ কি কতজোনে তো ছবি তুলছে নাম নিছে, কই কিছুই তো পাইলাম না। ঘরে খাওনের চাইল নাই, চিন্তায় মইরা যাইতেছি কোন খবর নাই।বাইরে মানুষ জনো নাই যে, আমার চা পানি খাইবো। নিজে না খাইয়া থাকলেও পোলাপাইন গোরে না খাওয়াইয়া কি থাকন যায়। না খাইয়া থাকার চেয়ে করোনায় মইরা যাওন অনেক ভালো বলেও আক্ষেপ করেন তিনি।
মগবাজার ফ্লাইওভারের নীচে বাদাম ভাজা বিক্রি করা মিজান বলেন, পেটের দায়ে লকডাউন শুইন্যাও বের হইছি। আমরাও তো মানুষ আমাগোরেও তো খাওন লাগে। যা ইনকাম করি তা দিয়ে সংসার চালাইয়া জমানোর মত আমার কিছুই থাহে না।ঘরে বিবি বাচ্চার কথা চিন্তা কইরা রাস্তায় আইছি তারপরও কতক্ষণ পর পর পুলিশ আইশ্যা খেদাইয়া দেয়। সরকার কমপক্ষে আমাদের কথা ভাইবা যদি কিছু করতো তা হইলে তো আইন অমান্য কইরা বাইরে আইতে হইতো না। কইয়া কি করমু আমাগোর আসোলে কপালেই খারাপ।
শুধু এই মানুষগুলোই নয়, বর্তমানে দেশে কার্যত লকাডাউন পরিস্থিতিতে অর্থ সংকটে পড়েছেন প্রায় সব শ্রেণি পেশার মানুষজন। তবে এই অসহায় মানুষগুলোর দুঃখ দুর্দশা একটু বেশিই প্রকাশ পাচ্ছে। তাই একদিকে যেমন করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মানতে হচ্ছে সরকারের আইন, ঠিক তেমনি জীবন বাঁচাতেই সরকারের দেওয়া লকডাউনে বৃদ্ধি পাচ্ছে এই অসহায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অসহায়ত্ব।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকেই কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে বাজেট অধিবেশন ও ব্যাংকের জুন ফাইনালের কারণে শনিবার সে অবস্থান থেকে সরে আসে কর্তৃপক্ষ।
এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়, সোমবার থেকে দেশজুড়ে দেয়া হবে আংশিক লকডাউন। আর বৃহস্পতিবার থেকে দেয়া হবে এক সপ্তাহের কঠোর লকডাউন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।