বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানালেন রামনাথ-মোদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানালেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে প্রয়াতকে আরও শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও তিন বাহিনীর প্রধান।

দিল্লিতে বাসভবন ১০, রাজাজি মার্গে রাখা হয়েছে প্রণবের মরদেহ। এ দিন সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে হাজির হন বিশিষ্ট রাজনীতিবিদরা। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বিমানবাহিনী প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং।

ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার বিকেলে করোনা বিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণবের শেষকৃত্য সম্পন্ন হবে। তার প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সোমবার বিকেলে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

গত ৯ আগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। এরপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ১৩ আগস্ট থেকে কোমায় ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে তার শরীরে করোনা সংক্রমণও ধরা পড়ে।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। ২০১২-২০১৭ সালে দেশটির ১২তম রাষ্ট্রপতি ছিলেন তিনি। ২০১৯ সালে প্রণব মুখার্জিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD