বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবারের মতো যেকোনো অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার স্পষ্ট আইনি ক্ষমতা পেল পুলিশ বাহিনীর বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নতুন আইন পাস হওয়ায় দায়িত্ব ও পরিধি বৃদ্ধির পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে বিশেষায়িত ‘সাইবার টিম’।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার এপিবিএন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)। অনুষ্ঠানে গত আগস্ট মাসে দেশজুড়ে পরিচালিত এপিবিএনের অপরাধবিরোধী অভিযান ও সাফল্যও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল, ২০২৬’ পাস হয়। এর মাধ্যমে ১৯৭৯ সালের পুরোনো অধ্যাদেশটি রহিত করে একটি আধুনিক বাংলায় তৈরি আইনি কাঠামো বাস্তবায়ন করা হয়েছে, যেখানে র‍্যাব সংক্রান্ত পূর্বের বিধানটি বাদ দেওয়া হয়েছে।

নতুন আইনি কাঠামোর ফলে রোহিঙ্গা ক্যাম্প, দেশের বিভিন্ন বিমানবন্দর, পার্বত্য অঞ্চল ও প্রধানমন্ত্রীর বাসভবনের সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম এখন আরও সুসংগঠিত হলো। ডিআইজি জানান, এখন থেকে বিমানবন্দরসহ এপিবিএনের আওতাধীন যেকোনো এলাকায় অপরাধ সংগঠিত হলে ব্যাটালিয়ন নিজেরাই তা পূর্ণাঙ্গ তদন্ত করার এখতিয়ার রাখবে।

এক প্রশ্নের জবাবে এপিবিএনের ডিআইজি বলেন, দিন দিন সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় নতুন আইনের আলোকে বিশেষায়িত সাইবার টিম গঠন করবে এপিবিএন। এর পাশাপাশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে কাজ করার স্পষ্ট আইনি অধিকারও দেওয়া হয়েছে এই বাহিনীকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD