মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকাকে আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রেমের জেরে রায়হানকে (২৬) হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিহত ব্যক্তি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ খন্দকার পাড়া এলাকার মীর শহীদুলের ছেলে রায়হান (২৬)।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে শিখা খাতুন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে আব্দুল মান্নান (৬০), মান্নানের ছোট ভাই সাদু সরদার (৪৬), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাজুল সরদার, মৃত শওকত সরদারের ছেলে বজলু সরদার ওরফে বজু এবং রাজন আলীর স্ত্রী আজমিরা খাতুন (৩২)।

আদালত সূত্র জানায়, শহীদুলের ছেলে রায়হানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিখার। তবে প্রেমের সম্পর্ক শিখার পরিবার মেনে না নেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে ২০১৬ সালের ৬ অক্টোবর রাতে রায়হানকে ফোন করে ডেকে নিয়ে যায় শিখা। পরে একই দিন রাতেই আসামিরা রায়হানকে এলোপাতাড়ি মারপিট করে হত্যা করে মরদেহ গুম করে। এদিকে পরদিন ৭ অক্টোবর ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পালপাড়া থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় ৯ অক্টোবর নিহতের বাবা মীর শহীদুল আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় এজাহার করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার (১৩ এপ্রিল) এ রায় ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD