রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী এটিএন নিউজের সাভার প্রতিবেদক ও আশুলিয়া প্রেসক্লাবের সদস্য জাহিদ হাসান সাকিল জানান, তারা প্রেসক্লাবের ভেতরে ছিলেন। এসময় প্রেসক্লাবের সামনে পর পর দু’বার বিকট শব্দ হয়। পরে প্রেসক্লাবের সদস্যরা বাইরে এসে দেখেন যে ককটেলের স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে৷ একটি ককটেল বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়ের গাড়ির নিচে এবং অপরটি রাস্তায় বিস্ফোরিত হয়।

আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লাইজু আহমেদ বলেন, বিস্ফোরণের পর আমরা খবর দিলে পুলিশ এসে বিষয়টি তদন্ত শুরু করে৷ ঘটনাটি যে বা যারাই ঘটিয়ে থাকুক না কেন, দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। পরিদর্শন শেষে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, সম্প্রতি চাঁদাবাজি ও মাদক নিয়ে সময় টেলিভিশনে অনুসন্ধানী দু’টি প্রতিবেদন প্রকাশ করায় গত ২৩ সেপ্টেম্বর চ্যানেলটির প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয়কে প্রকাশ্যে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দেন স্থানীয় মানিক নামে এক ব্যক্তি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD