১৯ মে ফেডারেশন কাপের ফাইনাল। এই ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনা। মোহামেডান কিংস অ্যারেনায় ফাইনালে ফাইনাল ম্যাচ খেলতে চায় না।
এজন্য ফেডারেশনে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতে আগামীকাল দুই দলের প্রতিনিধি নিয়ে সভা রয়েছে।
আজ ফেডারেশন থেকে দুই ক্লাবের একজন করে প্রতিনিধি আগামীকাল বিকেলে আসতে বলা হয়েছে চিঠির মাধ্যমে। দুই ক্লাবরে দুই প্রতিনিধির সাথে বৈঠক করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
তার সাথে থাকবেন লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি। যিনি আবার মোহামেডান ক্লাবের পরিচালকও। লিগ কমিটির চেয়ারম্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বসুন্ধরা কিংসেরও সভাপতি তাই তিনি কালকের আলোচনায় থাকবেন না।
ঘরোয়া ফুটবল লিগ পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হলেও ফেডারেশন কাপ কিংস অ্যারেনা ও কুমিল্লা স্টেডিয়ামে খেলা হয়। ফেডারেশন কাপের সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ ভেন্যু লটারিতে নির্ধারিত হয়েছে।
কিংস অ্যারেনার কিংসের যেমন হোম ভেন্যু তেমনি কুমিল্লা স্টেডিয়াম মোহামেডানের। মোহামেডানের দাবি ফাইনাল ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে। লটারিতে কিংস অ্যারেনায় ফাইনাল পড়ায় কিংস ভেন্যু পরিবর্তন করতে চায় না।
মোহামেডান ক্লাব কিংস অ্যারেনায় কিংসের বিপক্ষে ফাইনাল ম্যাচ না খেলার ব্যাপারে এখনো অনড়। আগামীকাল বৈঠকের পরও এমন অবস্থানে থাকলে বড় সংকট তৈরি হতে পারে। মোহামেডান ফেডারেশন দিন পাঁচেক আগে চিঠি দিলেও এ নিয়ে দুই ক্লাবের সঙ্গে বসেনি।
খেলার ২৪ ঘণ্টা আগে ডাকা সভা কতটুকু কার্যকর হয় সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে না খেলার কীর্তি মোহামেডানের সাম্প্রতিক সময়ে ফুটবলে না থাকলেও হকিতে রয়েছে। জিমির কার্ডকে কেন্দ্র করে হকিতে ক্লাব কাপের সেমিফাইনাল বর্জন করেছিল। আবাহনীর বিপক্ষে লিগ ম্যাচে এগিয়ে থেকেও মাঠ থেকে উঠে যায় আম্পায়ার তাদের খেলোয়াড়দের লাল কার্ড দেখানোয়।