‘কনগ্রাচুলেশন’, শুনেই হতচকিয়ে উঠলেন রনি তালুকদার, ‘সতি্যিই কী ডাক পেয়েছি।’ এ প্রতিবেদকের ফোনে প্রথমবার ৮ বছর পর জাতীয় দলে ফেরার কথা শুনেছিলেন রনি। পরবর্তীতে নির্বাচক হাবিবুল বাশার সুমন ফোন করে খবর নিশ্চিতের পর অভয় দিয়ে বলেন,‘ভালো খেলিস।’
৮ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টি-টোয়েন্টিতে খেলেছিলেন রনি। সাত নম্বরে নেমে ২১ রান করেন। এরপর তাকে আর নেওয়া হয়নি। তবে আশা ছাড়েননি রনি। নিয়মিত ঘরোয়া ক্রিকেটে দু্যতি ছড়িয়ে গেছেন। এবারের বিপিএলের পারফরম্যান্সের সুবাদে আবার তার জাতীয় দলের দরজা খুলেছে।
রংপুর রাইডার্সের ওপেনার রনি ৩৫.৪১ গড়ে ১৩ ম্যাচে ৪২৫ রান করেন। ব্যাটিং করেছেন ১২৯.১৭ স্ট্রাইকরেটে। চার মেরেছেন ৫১টি আর ছক্কা ১২টি। ফিফটি ছিল ৩টি। রনিকে দলভুক্ত করে নির্বাচকরা বড় বার্তাই দিয়েছেন বাকিদের উদ্দেশ্যে, জাতীয় দলের জন্য বয়স আর বাধা নয়।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বৃহস্পতিবার বলেছেন,‘এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা। যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। বয়স কোন বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।’
রনির সঙ্গে এই দলে নেওয়া হয়েছে তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানবীর ইসলামকে। যারা বিপিএলে ভালো করার সুবাদে জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন। তাদের নিয়ে লম্বা পরিকল্পনা বিসিবির,‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েনন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে আগাব। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।’
রনির সঙ্গে ফেরানো হয়েছে শামীম হোসেন পাটোয়ারীকে। ২০২১ সালের নভেম্বরের পর তাকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি দলে। তাকে ঘিরে এবার আশায় বুক বেঁধেছেন প্রধান নির্বাচক,‘২০২১ বিশ্বকাপের পর ধারাবাহিকভাবে ছিল না। ওকে এইচপিতে নার্সিং করা হয়েছে। আমাদের প্রোগ্রামে যথেষ্ট ভালো করেছে। তারপর এসে এবার বিপিএলেও কিছু ভালো কার্যকর পারফরম্যান্স আছে। ওর যথেষ্ট সামর্থ্য আছে এই ফরম্যাটে ভালো করার।’