বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিং করে ফেঁসে যাচ্ছেন ফখর জামান, তা এক রকম নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত সেটিই হলো।

অভিযোগ অস্বীকার করলেও শুনানির পর ম্যাচ রেফারি রোশান মহানামা ফখর জামানকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছেন। এবারের আসরে লাহোর কালান্দার্সে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের সতীর্থ হিসেবে খেলছেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে ফখরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভার শুরুর আগে। তখনো জয়ের জন্য করাচির ১৪ রান দরকার ছিল।

ওভার শুরুর আগে হারিস রউফের সঙ্গে কথা বলতে দেখা যায় লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদিকে।

এ সময় রউফের সঙ্গে বল দেওয়া-নেওয়া করেন ফখর।
সন্দেহ থেকে তখনই রউফের কাছ থেকে বল নিয়ে দেখেন আম্পায়ার। অন্য আম্পায়ারদের সঙ্গে কথা বলে বল বিকৃতির কারণে ৫ রান পেনাল্টি দেওয়া হয় করাচিকে। সেটি শেষ পর্যন্ত কাজেও আসে তাদের জন্য।

৩ বল হাতে রেখে ১২৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে করাচি।
গতকাল আনুষ্ঠানিকভাবে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয় ফখরের বিরুদ্ধে। আর আজ এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লেভেল থ্রি অপরাধের জন্য ফখর জামানকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এর অর্থ, আগামী ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না ফখর।

পিসিবি জানিয়েছে, ফখর অভিযোগ মেনে না নেওয়ায় পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন হয়।

ম্যাচ রেফারি রোশান মাহানামা সব প্রমাণ হাতে নিয়ে ও ফখরের বক্তব্য শুনে তাকে এই শাস্তি দিয়েছেন।
শুনানির সময় লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর শামিন রানা ও টিম ম্যানেজার ফারুক আনোয়ার উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD