বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ৯ বারের জাতীয় সংসদের সদস্য তোফায়েল আহমেদকে (৮২)।
আগামীকাল মঙ্গলবার (২ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মৃত আজাহার আলী ও ফাতেমা খানম এবং স্ত্রী আনোয়ারা বেগমের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
তোফায়েল আহমেদের পরিবার জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে কফিনবাহী একটি হেলিকপ্টার তার মরদেহ নিয়ে ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে অবতারণ করবে।
এরপর এদিন দুপুরে বাদ জোহর ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে মরদেহটি নিজ গ্রাম কোড়ালিয়া নেওয়া হবে এবং বাড়ির সামনে দ্বিতীয় দফায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। এছাড়া ভোর থেকে কবর খোঁড়ার কাজ শুরু হবে।
তোফায়েল আহমেদের নাতি কামাল হোসেন জানিয়েছেন, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তোফায়েল আহমেদের মতো মা পাগল ছেলে আমরা দেখিনি। যখনই তিনি গ্রামের বাড়িতে আসতেন, তখনই বাবা-মায়ের কবরের পাশে বসে কুরআন তিলোয়াত ও দোয়া করতেন। তিনি ওছিয়ত করে গিয়েছেন, তাকে যেন বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়। তার সেই ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।