শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত, আহত অন্তত ২০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মানিক্যমুরি ও ধজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক কলেজপড়ুয়া যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (০৮ মে) রাত ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুরসালিন। তিনি ওই এলাকার হেবজু মিয়ার ছেলে। সে গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে একদল ব্যক্তি চোরা চালানের জন্য সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ধজনগর গ্রামের রিপন পাঠান জানান, আমি যতটকু জানি রাতে ২০-২৫ জনের একটি দল কাটাতারের সামনে গেলে তাদের বিএসএফ গুলি করলে মোরসালিন গুলিবিদ্ধ হয়,বাকিরা আহত হয়ে পালিয়ে যায়। মোরসালীন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে তার বড় ভাই জানিয়েছে।

ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মুইনুদ্দিন বলেন, আমরা একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD