অনুষ্ঠিত হয়ে গেল বিগ বস ওটিটি দ্বিতীয় সিজনের ফাইনাল। আর এবারের সিজনের বিজয়ী হলেন ‘বিগ বস ওটিটি ২’-এর প্রতিযোগী এলভিস যাদব। সবাইকে একপ্রকার চমকে দিয়ে বিজয়ী হয়েছেন এলভিস। একরকম রিয়ালিটি শোর মঞ্চে ইতিহাস তৈরি করলেন তিনি।
ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে মনীষা রানি, পূজা ভাট, বেবিকাদের হারিয়ে ট্রফি জয় করলেন। সঙ্গে জিতলেন ২৫ লাখ টাকা।
বিগ বসের জনপ্রিয়তা শুরু থেকেই আকাশছোঁয়া। টেলিভিশনের পর্দায় বিগ বসের ব্যাপক সাফল্যের পর ওটিটিতেও শুরু হয় এই রিয়ালিটি শো।
সোমবার ছিল দ্বিতীয় সিজনের গ্র্যান্ড ফিনালে। কার হাতে উঠবে জয়ের ট্রফি, তা নিয়ে একটা টান টান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। গ্র্যান্ড ফিনালের মঞ্চে পূজা, বেবিকা, মনীষাদের সঙ্গে জোর টক্কর দিয়েছেন এলভিস। দর্শকরা শুরুর সময়ও বুঝতে পারেননি শেষ হাসিটা এলভিসই হাসবেন।
এলভিস পেশায় একজন ইউটিউবার। হরিয়ানার ছেলের হাতে যখন ট্রফি আর ২৫ লাখের চেক উঠল তখন বিগ বস ওটিটি-২-এর রানার আপ হিসেবে ঘোষণা হলো অভিষেক মলহানের নাম।
রিয়ালিটি শোয়ের মঞ্চে এলভিস প্রথম কোনো প্রতিযোগী, যিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঘরে ট্রফি তুলে নতুন নজির গড়লেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এলভিসের মাঝপথে শোয়ে যোগ দেওয়া নিয়ে বিগ বসের ঘরের সদস্যরাই তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। মণীষা, অভিষেকরাই তাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি।
কিন্তু বিগ বসের ঘরে এলভিসের গডফাদার হয়ে উঠেছিলেন সালমান। তিনি শুরু থেকেই একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন যে সব প্রতিযোগীর মধ্যে এলভিসের লড়াই সবচেয়ে কঠিন।
শেষ পর্যন্ত শত্রুর মুখে ছাই দিয়ে ‘বিগ বস ওটিটি ২’-এর মঞ্চে জয়ের মুকুট ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হলেন হরিয়ানার এলভিস।