ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ প্রস্তুতির অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ডজনখানেক বিশেষ সামরিক কার্গো বিমান বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়ে ইসরায়েলে এসে পৌঁছেছে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১৩-এর বরাতে সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে এই কার্গো বিমানগুলো উড্ডয়ন করেছিল। গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিবে এসে অবতরণ করেছে বিমানগুলো।
ইসরায়েলি সংবাদমাধ্যমটি স্পষ্ট করে জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে পাঠানো এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ মূলত ইরানের বিরুদ্ধে পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু করার পূর্বপ্রস্তুতির একটি অংশ।
এদিকে যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের (ইরানের) ‘সময় ফুরিয়ে আসছে’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘তাদের উচিত পদক্ষেপ দ্রুত নেওয়া। না হলে তাদের আর কোনো কিছু্ই থাকবে না। এখন সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ!’