শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফাইনালের ৪৯ কোটি টাকার টিকিট প্যাকেজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

এবারের ফুটবল বিশ্বকাপে টিকিটের আকাশচুম্বী মূল্য নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের মাঝে তীব্র সমালোচনা চলছে। তবে এই চড়া মূল্যের বাজারেও দর্শকদের একটি ক্ষুদ্র ও অতিধনী অংশের জন্য খেলা দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন এবং অবিশ্বাস্য রকমের বিলাসবহুল। বিশ্বখ্যাত সেলিব্রিটি, বিলিয়নিয়ার, প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহী ও ক্রীড়াবিদদের জন্য যেকোনো অসম্ভবকে সম্ভব করার প্রধান চাবিকাঠি যেন অর্থ।

বিশ্বকাপ দেখতে আগ্রহী অতিধনী ব্যক্তিদের জন্য কাস্টমাইজড ভ্রমণসেবা প্রদানকারী অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘নাইটসব্রিজ সার্কেল।’ সম্প্রতি কোম্পানিটি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল একটি আল্ট্রা-লাক্সারি প্যাকেজ বাজারে এনেছে। এই প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছিল অবিশ্বাস্য চার মিলিয়ন বা ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি ২২ লাখ টাকারও বেশি। বিস্ময়কর বিষয় হলো, শুধু আমন্ত্রিত বিশেষ ক্লায়েন্টদের জন্য উন্মুক্ত করা এই প্যাকেজটি বাজারে আসার মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে।

এই বিশেষ প্যাকেজের ক্রেতা ও তার অতিথিরা মাঠের একদম মাঝামাঝি জায়গায় সবার সামনের সারির ছয়টি আসন পাবেন। তবে এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো— ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে, যখন বিজয়ী দল ট্রফি তুলে নেবে, সেই ঐতিহাসিক ক্ষণে সরাসরি মাঠে প্রবেশের অনন্য সুযোগ মিলবে। নাইটসব্রিজ সার্কেলের প্রেসিডেন্ট স্টুয়ার্ট ম্যাকনিল বলেন, ‘আমি ২২ বছর ধরে এই বাজারে কাজ করছি, আর এই বিশ্বকাপে আমার জন্য সবচেয়ে বড় বিস্ময় হলো— টাকায় এখন প্রায় সবকিছুই কেনা সম্ভব।’

এই অতিধনীরা ব্যক্তিগত জেটে চড়ে আয়োজক শহরগুলোতে পৌঁছান। সেখান থেকে হেলিকপ্টার বা বিলাসবহুল লিমোজিনে করে সরাসরি স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে আসনে বসবেন তারা। এমনকি তারা শেষ মুহূর্তে খেলা দেখার সিদ্ধান্ত নিলেও এই রাজকীয় আতিথেয়তা প্রস্তুত থাকে।

অন্যান্য লাক্সারি ট্রাভেল এজেন্সি যেমন ‘ম্যাগমা গ্লোবাল’-এর তথ্যমতে, দুজনের জন্য সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজের মূল্য ২৫ হাজার থেকে ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ থেকে ৯০ লাখ টাকা); যার মধ্যে পাঁচ তারকা হোটেল ও বিজনেস ক্লাস ফ্লাইট অন্তর্ভুক্ত। আর যারা ৪০ লাখ ডলারের মূল প্যাকেজটি মিস করেছেন, তাদের জন্য মাঠের একদম পাশে দুটি এক্সক্লুসিভ আসনের ব্যবস্থা রয়েছে, যার প্রতিটির মূল্য ‘মাত্র’১৫ লাখ বা ১.৫ মিলিয়ন ডলার! আধুনিক ফুটবল যে এখন অতিধনীদের একচেটিয়া বিনোদনের মহাসমাবেশে পরিণত হয়েছে, এই আকাশচুম্বী বিলাসবহুল প্যাকেজগুলো তারই অকাট্য প্রমাণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD