রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বুড়িমারীতে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি আবুল ৫ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

লালমনিরহাটের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল (আমলি আদালত-৩) ম্যাজিস্ট্রেট ফেরদৌসি বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার কুড়িল-বিশ্বরোড থেকে আবুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গত ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন সময়ে মোট ৩১ জনকে গ্রেফতার করা হয় এবং ৯ জনকে রিমান্ডে নেয় পুলিশ। আর আজ প্রধান আসামি আবুল হোসেনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার আসামিরা সবাই বুড়িমারী এলাকার বাসিন্দা।

নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। গত ২৯ অক্টোবর বিকেলে সুলতান রুবায়াত সুমন নামে এক সঙ্গীসহ বুড়িমারী বেড়াতে আসেন তিনি। ওই দিন বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD