শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (৩০ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের নির্দিষ্ট কিছু নদীবন্দরের জন্য এ সতর্কবার্তা কার্যকর থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়াসহ বিরূপ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

অপরদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৩৯ মিলিমিটার। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD