স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো ছত্রাকজনিত ‘ব্ল্যাক ফাঙ্গাস’ (কালো ছত্রাক) দুইজনের শরীরে শনাক্ত হওয়ার খবর জানে না স্বাস্থ্য অধিদপ্তর।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সংবাদমাধ্যমকে বলেন, দেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের বিশেষজ্ঞরাও করণীয় নির্ধারণ করছেন। শিগগিরই রোগটির চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে আমরা গাইডলাইন দেব।
প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। গত শনিবার (২২ মে) তিন দিন আগে তিনি মারা যান। আজ মঙ্গলবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনো বারডেম হাসপাতালে ভর্তি আছেন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন।