অবশেষে পদ্মা নদীর ভাঙনে ভেঙেই গেল রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সেই চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টি নিয়ে গত ১৮ সেপ্টেম্বর বার্তা২৪.কমে ‘ভাঙনের মুখে স্কুল, ভয়ে ক্লাসে যাচ্ছে না শিক্ষার্থীরা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে স্কুল সংলগ্ন পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের সিসি ব্লক ভেঙে বিদ্যালয়টি নদীতে ধসে পড়ে। এ সময় এলাকার শতশত মানুষ তাদের প্রিয় প্রতিষ্ঠানটি নিজের চোখে নদীগর্ভে চলে যেতে দেখেন।
বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের প্রায় শতাধিক সন্তানদের পড়ালেখা অনিশ্চিত হয়ে গেল। তবে প্রশাসন বলছে- এই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া যাতে কোন ধরনের বিঘ্ন না ঘটে সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যালয় সংলগ্ন একাধিক বাসিন্দা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার নদী ভাঙন রোধে এতো টাকা ব্যয় করছে অথচ যারা ঠিকাদার তারা কাজ ভালো করছে না। ভালো মতো কাজ করলে আজ এই বিদ্যালয়টি ভাঙতো না।
সরেজমিন গত শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চর সিলিমপুর বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর ভাঙন থেকে বিদ্যালয়টিসহ ওই এলাকার স্থাপনা ও ঘরবাড়ি রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড সিসি ব্লক দিয়ে কাজ সম্পূর্ণ করেছে। কিন্তু ১৫ সেপ্টেম্বর ভোরে হঠাৎ করে বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধে ফের ভাঙন শুরু হয়। এতে সিসি ব্লকের প্রায় ৪০ -৫০ মিটার ব্লক নদীগর্ভে বিলিন হয়ে যায়।
আর হঠাৎ করে সিসি ব্লক ভেঙে নদীগর্ভে চলে যাওয়ায় চরম হুমকিতে পড়েছিল বিদ্যালয়টিসহ মসজিদ ও প্রায় অর্ধশত বসত ভিটা। ১৫ সেপ্টেম্বরের পর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ কোমলমতি শিক্ষার্থীদেরকে নিরাপদ একটি টিনশিডে পাঠদান সম্পন্ন করছিল।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তখন বলেছিল, পদ্মা নদী ভাঙতে ভাঙতে স্কুলের কাছে চলে এসেছে। স্কুলটি রক্ষার জন্য যে সিসি ব্লক ফেলা হয়েছে সেই ব্লকের একটু দূরেই ভাঙন দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে স্কুলের পাশটিও ভেঙে যেতে পারে। তাই আমরা ভয়ে কেউ ক্লাসে ঢুকি না।
আজ (শুক্রবার) বিকালে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সেদিনের সেই আশঙ্কা বাস্তবে রূপ নিল। হঠাৎ করেই চোখের সামনে ধসে যেতে দেখলো তাদের সেই প্রিয় বিদ্যালয়টি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইমান আলী ফকির বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলাের পর থেকে বিদ্যালয়ের মূল ভবনেই পাঠদান করাচ্ছিলাম। হঠাৎ ১৫ সেপ্টেম্বর ভোরে স্কুলের পাশেই সিসি ব্লক ভেঙে নদীতে চলে যাওয়ার পর থেকে আর ওখানে পাঠদান করাইনি। কারণ তখন মূল ভবনটি চরম ঝুঁকিতে ছিল। শিশুদের নিরাপত্তার কথা ভেবে পাশের টিনশিডে ক্লাস নিচ্ছিলাম। কিন্তু আজ স্কুল নদীতে ভেঙেই গেল।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, পদ্মা নদীর পানি কমার কারণে হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের খবর পেয়ে দ্রুতগতিতে জিও ব্যাগ ফেলানো হয়েছিল। স্কুলটিসহ গ্রামটি রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ অব্যাহত আছে।