নীলফামারীর সৈয়দপুরে বিগত কয়েকদিন যাবত কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু সে হারে সরকারীভাবে সরবরাহকৃত জলাতঙ্কের ইনজেকশন না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগিরা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা সরকারী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থেকে ইনজেকশন সংগ্রহ করতে না পেরে বাধ্য হয়ে বাইরে থেকে ইনজেকশন কিনে ব্যবহার করায় বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে। এতে সাধারণ মানুষেরা বিপাকে পড়েছে।
শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা পত্রিকা হকার উত্তম সরকার জানান, গতকাল (৩০ ডিসেম্বর) বাড়ি থেকে বাজারে আসার পথে কুকুর কামড় দেয় পায়ে। এতে তাৎক্ষনিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গেলে দায়িত্বরত চিকিৎসক জানান সেখানে অতি প্রয়োজনীয় জলাতঙ্কের ইনজেকশন নেই। বাধ্য হয়ে বাজারের একটি ফার্মেসী থেকে ইনজেকশন কিনতে হয়েছে। প্রতিটি ইনজেকশনের দাম ৫শ’ টাকা করে একজনের জন্য ৮টি ইনজেকশন বাবদ খরচ করতে হচ্ছে প্রায় ৪ হাজার টাকা। পত্রিকা বিক্রি করে কোন রকমে সংসার চালাই। এ অবস্থায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে সরকারী চিকিৎসা সেবা না পেয়ে প্রাণ বাঁচানোর তাগিদে বাড়তি খরচ করতে গিয়ে আর্থিকভাবে চরম সংকটে পড়েছি।
একইভাবে অভিযোগ করেন নয়াটোলা এলাকার কাঠমিস্ত্রি আকবর আলী। তিনি জানান, সরকারী হাসপাতালে যদি জরুরী রোগের ঔষধ বা ইনজেকশন না পাই তাহলে আমরা গরীব মানুষেরা কি করে বাঁচবো। সরকার সাপে কামড়ানো বা কুকুরে কামড়ানো রোগীদের জন্য অতি প্রয়োজনীয় ইনজেকশন বিনামূল্যে বা স্বল্পমূল্যে সরবরাহ করলেও সৈয়দপুরের স্বাস্থ্য বিভাগ এক্ষেত্রে উদাসিন ও ওয়াকিবহাল না হওয়ায় আমরা ভোগান্তিতে পড়ছি।
বিগত এক সপ্তাহে আরও ২ জন ব্যক্তিকে কুকুড়ে কামড়ের খবর পাওয়া গেছে। তারা হলেন উত্তরা আবাসনের রহমান আলী ও পুরাতন বাবুপাড়ার রাকিব হোসেন। তারাও জলাতঙ্কের ইনজেকশন সরকারীভাবে সংগ্রহ করতে না পেরে বাধ্য হয়ে অতিরিক্ত দামে বাজার থেকে ক্রয় করেছেন। নিম্ন আয়ের এসব ভুক্তভোগীদের দাবি সরকারী সেবা দোড়গোড়ায় পৌছে দিতে স্বাস্থ্য বিভাগ বা প্রশাসনের আরও বেশি নজরদারী প্রয়োজন। না হলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতেই থাকবেন।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের চিকিৎসক ডাঃ মোঃ আরমান হোসেন রণির সাথে। তিনি জানান, কুকুর কামড়ানোর বা জলাতঙ্কের প্রয়োজনীয় প্রতিষেধক পৌর এলাকায় মূলতঃ পৌরসভার দায়িত্বে সংরক্ষণের নিয়ম। তাই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটি রাখিনা। যে কারণে রোগীদের তা সরবরাহ করতে পারিনা।
সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব (অতিঃ দায়িত্ব) ও প্রধান নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী জানান, ঢাকা থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কিছু এনজিও জলাতঙ্কের ইনজেকশন পৌরসভায় সরবরাহ করতো। সেটিই আমরা সংরক্ষণ করে রোগীদের প্রদান করতাম। কিন্তু এখন সরবরাহ না থাকায় আমাদের কাছে কোন ইনজেকশন সংরক্ষিত নেই। তাই তা রোগীদের দেয়া সম্ভব হচ্ছেনা।
লাইটনিউজ/এসআই