ভোট বর্জনের যেন হিড়িক পড়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিতে। এক দিনে তিন জেলায় আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
বুধবার (৩ জানুয়ারি) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে চুয়াডাঙ্গা-১ ও ২, সিলেট-৫ ও গাইবান্ধা-৫ আসনের প্রার্থীরা সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে সংবাদ সম্মেলন করে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
প্রার্থীরা জানান, দলের চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচনসংক্রান্ত বিষয়ে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করছেন। সেই সঙ্গে তারা প্রার্থীদের সঙ্গে অসহযোগিতা করছেন ও যোগাযোগ রাখছেন না। এসব কারণে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা অভিযোগ করেন, দলের হাইকমান্ড ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে ভোটারদের কাছে জাতীয় পার্টির প্রার্থীদের হেয় ও নিন্দিত করছেন। একই সঙ্গে অর্থনৈতিক দুরবস্থা ও কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার কারণে বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এদিকে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ।
সাব্বির আহমদ জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে তিনি নির্বাচন করছেন না। তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ করেন।
বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী আতাউর রহমান সরকার।
আতাউর রহমান সরকার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক।
এর আগে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পোস্টার ও ব্যানারও সাঁটিয়েছিলেন। কিন্তু প্রচার-প্রচারণা শুরুর ১৭তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।
এ বিষয়ে আতাউর রহমান সরকার বলেন, সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
এর আগে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির (জাপা) আরও পাঁচজন প্রার্থী। তারা হলেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আবদুল মান্নান তালুকদার, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শংকর
পাল, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাহবুব আলম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জহিরুল ইসলাম ও গাজীপুর-৪ (কাপাসিয়া) সামসুদ্দিন খান।
গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আসছেন। ইতোমধ্যে ২০ জনের বেশি প্রার্থী ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। তারা দলের বিরুদ্ধে সমন্বয়হীনতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ যেমন এনেছেন তেমনি প্রশাসন ও
ক্ষমতাসীন দলের বিরুদ্ধেও কেউ কেউ অভিযোগের তির নিক্ষেপ করেছেন।
দলীয়ভাবে আলোচনা না করে যারা এভাবে ভোট থেকে সরে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আর দলের মহাসচিব মজিবুল হক চুন্নু জানিয়েছেন, অনেকের নির্বাচন করার মতো টাকা না থাকায় তারা সরে
দাঁড়াচ্ছেন। তবে দলে সমন্বয়হীনতা আছে সেটা স্বীকার করেছেন চুন্নু নিজেও।