মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ভোট দিলেন সিইসি, বললেন ‘সুষ্ঠু নির্বাচন হচ্ছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর ইস্কাটন গার্ডেন স্কুলে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি ভোটদান শেষে বলেন, সারা দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হচ্ছে।

তিনি বলেন, সারা দেশে ইনশাআল্লাহ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হচ্ছে এ পর্যন্ত।

সিইসি বলেন, দুই-একটি জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য গোলমাল হলেও সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।

আমি দেখেছি, ঠাকুরগাঁওয়ে কেন্দ্রের মাঠে জামায়াতের একজন নেতা, পাশে একজন বিএনপির নেতা পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, হাসিমুখে কথা বলছেন। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি বলেন, বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে। আমি ওয়াদা করেছিলাম, উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন করব।

আপনারা দেখেছেন এই কয়েক দিনে-ঈদের দিনের মতো, ঈদুল ফিতর বা ঈদুল আজহার মতো মানুষ ট্রেনে, বাসে, লঞ্চে গ্রামে-গঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। ঈদের আমেজ… আমি আমার নিজের গ্রামে এবং বিভিন্ন জায়গায় কথা বলেছি। গ্রামে-গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। তারা অনেক দিন পরে ভোটের যে আমেজ সৃষ্টি হয়েছে-সবাই যে এখন ভোট দিতে পারবে-এই আনন্দ তাদের উদ্বেলিত করছে।

তিনি বলেন, বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাআল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। গত রাতে এবং গতকাল দিনের বেলায় যে বিদেশি অবজারভার ও সাংবাদিকদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি, বিভিন্ন দেশের প্রধান নির্বাচন কমিশনাররা আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আয়োজন দেখে অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, প্রায় ১৭ লাখ লোক কাজ করছে এই নির্বাচন পরিচালনার জন্য।

প্রায় সাড়ে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রায় ৮ লাখ পোলিং কর্মকর্তা ভোট গ্রহণ করবেন। এই সাড়ে ১৭ লাখ মানুষকে এক সুতায় গাঁথা-এটা কত কঠিন কাজ, আপনারা একবার কল্পনা করে দেখুন। বিভিন্ন বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের লোকজন এখানে যুক্ত আছেন। সবাইকে প্রশিক্ষিত করে, নির্বাচন-সংক্রান্ত ওরিয়েন্টেশন দিয়ে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD