শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :

মালয়েশিয়াকে হারাল বালকরা, জাপানের কাছে ১২ গোল হজম বালিকাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
মালয়েশিয়াকে হারাল বালকরা, জাপানের কাছে ১২ গোল হজম বালিকাদের

জাপানের মাটিতে শুরু হওয়া অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে মিশ্র অভিজ্ঞতা দিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ বালক দল। তবে বালকদের জয়ের আনন্দের দিনে উল্টো চিত্র বালিকাদের গ্রুপে।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ বালিকা দল।

আজ সকালে বালকদের হাই-ভোল্টেজ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে মাত্র ৯ মিনিটেই লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

পেনাল্টি স্ট্রোক থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নেন মুন্না ইসলাম। এর ঠিক তিন মিনিট পর (১২ মিনিটে) পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক হিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল হোসেন। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে মালয়েশিয়ার নাগুলান একটি গোল পরিশোধ করলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-১।

তৃতীয় কোয়ার্টারে মুন্নার আরেক গোলে বাংলাদেশ আবার লিড বাড়ায়। শেষ কোয়ার্টারের চার মিনিটে হাকিমির গোলে মালয়েশিয়া খেলায় ফেরার চেষ্টা করে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে জনি ইসলামের ফিল্ড গোলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

ঘণ্টা তিনেক পর বাংলাদেশের বালিকারা স্বাগতিক জাপানের মুখোমুখি হয়। হাফ টাইমে জাপান ৭-০ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত স্বাগতিক দল ১২-০ জয় নিয়ে ম্যাচ শেষ করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD