স্পোর্টস ডেস্ক : রোভম্যান পাওয়েল শেষ দুই জুটিতে প্রতিরোধ গড়েছিলেন। ফিফটির কাছাকাছি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান, সঙ্গে দলীয় স্কোর দেড়শ ছাড়ানোর পথে ছিল। কিন্তু মেহেদী হাসান মিরাজ তাকে নিজের চতুর্থ শিকার বানান। ৪৩.৪ ওভারে ১৪৮ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একশ করা নিয়ে সংশয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রোভম্যান পাওয়েল ও আলজারি জোসেফ প্রতিরোধ গড়ে স্কোর একশ পার করেন। স্কোরবোর্ডে ১২০ রান তোলার পর তাদের বিচ্ছিন্ন করেন মোস্তাফিজুর রহমান।
৩২ রানের এই জুটি ভাঙে উইকেটকিপার লিটন দাশকে আলজারি ক্যাচ দিলে। ২১ বলে তিন চারে ১৭ রান করেন তিনি। রোভম্যানের সঙ্গে শেষ জুটিতে নেমেছেন আকিল হোসেন। ৩৮ ওভারে ৯ উইকেটে ১২০ রান ওয়েস্ট ইন্ডিজের।

ওয়েস্ট ইন্ডিজের প্যাভিলিয়নে ফেরার মিছিলে এবার যোগ দিলেন রেমন রেইফার। ৩০তম ওভারের চতুর্থ বলে নিজের তৃতীয় উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ ব্যাটসম্যানের বিরুদ্ধে এলবিডাব্লিউর জোরালো আপিলে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ এবং সিদ্ধান্ত যায় তাদের পক্ষে। ১২ বলে ২ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন রেইফার।
৩০ ওভারে ৮ উইকেটে ৮৮ রান ওয়েস্ট ইন্ডিজের। রোভম্যান পাওয়েলের সঙ্গে ক্রিজে আছেন আলজারি জোসেফ।
আবারও জোড়া আঘাতে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসানের কাছে অধিনায়ক জেসন মোহাম্মদের উইকেট হারানোর পরের ওভারে হাসান মাহমুদ পান সফরকারীদের সপ্তম উইকেট। ২৫ বলে ২০ রান করে বোল্ড হন উইন্ডিজ ব্যাটসম্যান।
২৫ ওভারে ৭ উইকেটে সফরকারীদের সংগ্রহ ৭২ রান। ক্রিজে রোভম্যান পাওয়েলকে সঙ্গ দিচ্ছেন রেমন রেইফার।
দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে আবারও উইকেট পেলেন সাকিব আল হাসান। এবার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদকে এলবিডাব্লিউ করলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। তার পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট তুলে নিলেন প্রথম ওয়ানডের ম্যাচসেরা খেলোয়াড়।
২৬ বলে ১১ রান করে বিদায় নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক। সাকিবের আবেদনে আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানালে রিভিউ নেন জেসন, কিন্তু উইকেট বাঁচাতে পারেননি। ২৪ ওভারে ৬ উইকেটে ৬৭ রান সফরকারীদের।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইনিংস সেরা ৪০ রান করা কাইল মায়ার্স দ্বিতীয় ম্যাচে ডাক মারলেন। মেহেদী হাসান মিরাজের বলে জেসন মোহাম্মদ শট খেলে সিঙ্গেল নিতে যান, কিন্তু নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত থ্রোতে স্ট্রাইকিং প্রান্তে মুশফিকুর রহিম বল হাতে ভেঙে দেন স্টাম্প। ততক্ষণে পৌঁছাতে পারেননি মায়ার্স। ৯ বল খেলে শূন্য রানে তাকে ফেরায় বাংলাদেশ। ৪১ রানে ৫ উইকেট নেই সফরকারীদের।
২৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারিয়ে করেছে ৬৪ রান। ক্রিজে ১৪ রানে অপরাজিত আছেন এনক্রুমাহ বোনার ও ১০ রানে খেলছেন জেসন।
ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। ৩ রানের ব্যবধানে তাদের তিন উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। আগের ওভারে মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতের পর সাকিব আল হাসান বল হাতে নিয়েই পেয়েছেন উইকেট।
নিজের প্রথম ওভারের শেষ বলে আন্দ্রে ম্যাকক্যার্থিকে ৩ রানে বোল্ড করেন সাকিব। ১৫ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। জেসন মোহাম্মদের সঙ্গে ক্রিজে আছেন গত ম্যাচের ইনিংস সেরা ব্যাটসম্যান কাইল মায়ার্স।
প্রথম দুই ওভারে ৪ রান দেওয়া মেহেদী হাসান মিরাজ পেলেন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট। দলীয় ১৪তম ও নিজের তৃতীয় ওভারের প্রথম বলে কিজর্ন ওটলেকে কভারে তামিম ইকবালের ক্যাচ বানান এই অফস্পিনার। অভিষেক ম্যাচে ২ চার ও একটি ছয়ে ৪৪ বলে ২৪ রান করে আউট হন উইন্ডিজ ওপেনার। আরেক প্রান্তের ব্যাটসম্যান জশুয়া ডা সিলভাকে (৫) চতুর্থ বলে বোল্ড করেন মিরাজ।
১৪ ওভারে ৩ উইকেটে ৩৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে নেমেছেন আন্দ্রে ম্যাকক্যার্থি ও অধিনায়ক জেসন মোহাম্মদ।
টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশের বোলাররা চাপে রেখেছে তাদের। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে মাত্র ২২ রান করেছে সফরকারীরা, বাংলাদেশ পেয়েছে একটি উইকেট।
মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন প্রথম আট ওভারের চারটি করে করেন। তাদের মোস্তাফিজ ৪ ওভারে ২ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে নেন এক উইকেট। রুবেল সমান সংখ্যক ওভার করে খরচ করেছেন ১৩ রান। পাওয়ার প্লের শেষ দুটি ওভারে হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের কাছ থেকে ৭ রান আদায় করে উইন্ডিজ। হাসান দেন ৫ রান, দুটি মিরাজ।
কিজর্ন ওটলে ৩১ বল খেলে করেছেন ১৪ রান, জশুয়া ডা সিলভা ১৪ বলে করেছেন ২ রান।
দুর্দান্ত বোলিংয়ের পর নিজের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙলেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে মাত্র একটি রান দেওয়ার পর টানা দুটি মেডেন, সঙ্গে সুনীল অ্যামব্রিসের উইকেট। দলীয় পঞ্চম ওভারে উইন্ডিজ ওপেনারকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান বাঁহাতি পেসার।
প্রথম ওয়ানডেতে ৭ রানে এলবিডাব্লিউ করার পর দ্বিতীয় ম্যাচে ৬ রানে তাকে ফেরালেন মোস্তাফিজ। ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে করেছে ১০ রান। কিজর্ন ওটলে ১৪ বলে ৪ রানে খেলছেন। প্রথম বল খেলতে নেমে রানের খাতা খোলেননি জশুয়া ডা সিলভা।
সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ নিয়ন্ত্রিত বোলিং করেছে। সুনীল অ্যামব্রিস ও কিজর্ন ওটলের উদ্বোধনী জুটি প্রথম ওভারে মাত্র এক রান তুলতে পারেন, বল করেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে রুবেল হোসেন বল হাতে নিয়ে প্রথম বলে অ্যামব্রিসের কাছে চার খেলেও আর রান দেননি।
৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ কোনও উইকেট না হারিয়ে করেছে ৫ রান। অ্যামব্রিস ৯ বলে ৫ রান করেছেন, আর ওটলে সমান সংখ্যক বল খেলেও রানের খাতা খোলেননি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ।
অনভিজ্ঞ ও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ সহজে জিতলেও দাপুটে পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১২২ রানের পুঁজি নিয়ে সফরকারীরা দারুণ লড়াই করেছিল। শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে সিরিজ শুরু করে তামিম ইকবালের দল। আজ জিতলেই সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।
গত বুধবার মিরপুরের সবুজ গালিচায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে বাংলাদেশের উৎসবের উপলক্ষ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাকিব আল হাসানের। মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার, করেন ১৯ রান। তবে তামিম ছিলেন উজ্জ্বল, যদিও হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আক্ষেপ নিয়ে ফিরে গেছেন অধিনায়ক।
আরেক অভিষিক্ত ক্রিকেটার হাসান মাহমুদ জোড়া আঘাত করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পান তিন উইকেট। প্রথম ওয়ানডের এই অর্জন ধরে রাখার প্রত্যাশা তার।
প্রথম ওয়ানডের একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হারের স্বাদ পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। দলে ঢুকেছেন ওপেনার কিজর্ন ওটলে। বাদ পড়ছেন শেমার হোল্ডার। প্রথম ম্যাচে ছয়জনের অভিষেকের পর ক্যারিবিয়ানদের সপ্তম খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হলেন ওটলে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হাসান ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন মোহাম্মদ, সুনীল অ্যামব্রিস, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, কিজর্ন ওটলে, আলজারি জোসেফ, আন্দ্রে ম্যাকক্যার্থি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার।