বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

মেঘাচ্ছন্ন রাজধানী, কালবৈশাখীর পূর্বাভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

রাজধানীতে ভোর থেকেই আকাশ রয়েছে মেঘলা। বুধবার (১৫ মার্চ) সকালে হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। একই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শিলা ও বজ্রবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি অনেক আগেই কাঙ্ক্ষিত ছিলো। কিন্তু হলো অনেক পরে। আজ খুলনা থেকে সিলেট-এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে।

গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের নদীবন্দরের সতর্কবার্তার বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অথবা ঝড় হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থার (৩ দিন) ক্ষেত্রে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD