বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ ঋণে দণ্ড সুদ কমাল বাংলাদেশ ব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
মেয়াদোত্তীর্ণ ঋণে দণ্ড সুদ কমাল বাংলাদেশ ব্যাংক

ঋণের কিস্তি সময়মতো পরিশোধে ব্যর্থ হলে গ্রাহকের ওপর আরোপিত ‘দণ্ড সুদ’ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মেয়াদোত্তীর্ণ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ হারে দণ্ড সুদ নিতে পারবে ব্যাংকগুলো। এতদিন এ হার ছিল সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ।

দেশে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে এবং ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতেই দণ্ড সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য ২০২৪ সালের ৮ মে জারি করা সার্কুলার সংশোধন করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ (ওভারডিউ) হিসেবে চিহ্নিত হলে ওই সময়ের জন্য চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে।

এর আগে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপের সুযোগ ছিল ব্যাংকগুলোর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD