অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কা দেওয়া প্রাইভেটকার থেকে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার নওয়াপাড়া বাজারের স্বাধীনতা চত্তরের মটরসাইকেল স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় নূরবাগ স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরসাইকেলে ধাক্কা মারে খুলনাগামী বেপরোয়া গতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৯০৬)। স্থানীয় জনতা প্রাইভেটকারটিকে ধাওয়া করলে দুর্ঘটনাস্থলের পাঁচ গজ দূরত্বে বাইপাস সড়কে প্রাইভেটকার ফেলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে প্রাইভেটকারের পেছনে রাখা দুইটি চটের বস্তা হতে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার এবং প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয় দুই বস্তাভর্তি ৪৬৩ বোতল ফেনসিডিল। প্রাইভেটকারে শুধু চালক ছিল। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গাড়ির মালিক এবং পালিয়ে যাওয়া চালকের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই মাদক কারবারি চক্র ও প্রাইভেটকার চালককে আইনের আওতায় আনা হবে।