শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দেশের দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতি ও নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতে বড় ধরনের ছাড় দিতে যাচ্ছে সরকার।

যার মধ্যে মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার সুনির্দিষ্ট কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ প্রস্তাব রাখেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আইসিটিকে থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে এ খাতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে তা প্রায় ২৫ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এ খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এর অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি। এ প্রস্তাব পাস হলে আগামী অর্থবছরে মোট ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব হ্রাস পাবে।

এছাড়াও, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার কর্তৃক প্রদত্ত সেবার উপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদান করার প্রস্তাবও উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

এসময় তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আয় করছেন, তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে স্টার্ট-আপ প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রদানের জন্য প্রস্তাব পেশ করা হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD