বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ঢাকার উপর চাপ কমাতে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক (বেসিক) সুবিধাগুলোকে দেশের সব অংশেই পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দন আহমদ।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম সম্পূরক প্রশ্নে বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

এই উপলব্ধি থেকে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরপরই জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। রাজধানী ঢাকার নাগরিক সমস্যার সমাধানের জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আমার সম্পূরক প্রশ্নে জানতে চাই, জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজধানী ঢাকামুখী মানুষের স্রোত কমানোসহ প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকার বাইরে ছড়িয়ে দিতে আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না এবং করলে তা কী?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনি যে প্রশ্নটি করেছেন এটির পদক্ষেপটি একটি দীর্ঘমেয়াদি পদক্ষেপ। আনফরচুনেটলি যেভাবেই হোক আমরা খেয়াল করেছি যে, মানুষের সুযোগ-সুবিধা সেটি চাকরি বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সবকিছুই ঢাকা-কেন্দ্রিক গড়ে উঠেছে। একদিন দুইদিনে না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে।

আনফরচুনেটলি সারা দেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা হয়তো সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনও। সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হোক না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সব অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD