স্পোর্টস ডেস্ক : নতুন মোড় নিয়েছে দিয়েগো ম্যারাডোনার মৃত্যু। আর্জেন্টাইন কিংবদন্তির দুই মেয়ে সাত জনের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি হত্যা করা হয়েছে ১৯৮৬ সালের বিশ্বজয়ী মহাতারকাকে।
গেল বছরের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যু হয়। প্রাথমিকভাবে বলা হয় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়, পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে ম্যারাডোনাকে।
আর্জেন্টিনার সাবেক অধিনায়কের মৃত্যুর নিয়ে শুরু হয় তদন্ত। স্যান ইসিডিরো আদালতের বরাতে ইএসপিএন জানিয়েছে, চিকিৎসায় গাফিলতি হয়েছিল তার।
মৃত্যুর আগে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল ম্যারাডোনার। হত্যা মামলায় যেই ৭ জনের নাম জড়িয়েছে তারা প্রত্যেকেই চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মস্তিষ্কে অস্ত্রোপচারকারী লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ। দুই জন নার্স ও একজন মেডিকেল অফিসার রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাদের।
আদালতের পক্ষ থেকে অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।