যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদে যাওয়াকে ‘সরকারি সফর’ বলেও উল্লেখ করেছেন তিনি।
গত কাল রাতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি সেখানে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসমাইল বাঘায়েই বলেন, “আমরা একটি সরকারি সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছি।
যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং আমাদের অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।”
গতকাল শুক্রবার রাতে একটি ছোটো প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানে গিয়েছেন সৈয়দ আরাগচি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমণ উপলক্ষে নিশ্ছিদ্র করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।
ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে চলে যান; সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন তিনি।
সূত্র : এএফপি