শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

যুদ্ধ-পূর্ব সময়ের চেয়ে ৭০ শতাংশ কম জাহাজ চলছে হরমুজে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো এ নৌপথে জাহাজের যাতায়াত প্রায় ৭০ শতাংশ কম রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

শনিবার (৩১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১২২টি জাহাজ উপসাগর থেকে বের হয়েছে এবং ১৫৫টি জাহাজ প্রবেশ করেছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল যথাক্রমে ১১৪ ও ১২৭টি।

অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় জাহাজের যাতায়াত কিছুটা বাড়লেও যুদ্ধপূর্ব স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারেনি গুরুত্বপূর্ণ এই নৌপথ।

ইউকেএমটিও জানিয়েছে, ওই সপ্তাহে হরমুজ প্রণালিতে তিনটি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘোষিত চারটি ট্যাংকার-সংক্রান্ত ঘটনার হিসাব সংস্থাটির এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওই চারটি ঘটনার মধ্যে একটি জাহাজ যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। আরেকটি জাহাজকে সহায়তা নিতে হয়েছে। তৃতীয় জাহাজটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি, এডেন উপসাগর ও ওমান সাগরে অন্তত ১৪৪টি হামলার ঘটনা রিপোর্ট করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD