শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

যুদ্ধ বন্ধে একেবারে কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র: আরাঘচি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ইতিবাচক অগ্রগতির কথা জানান।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আয়োজক দেশ পাকিস্তানের রাজধানীর নাম উল্লেখ করে আরাগচি তাঁর পোস্টে লেখেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের এত কাছাকাছি আমরা এর আগে কখনোই পৌঁছাইনি।’

সম্প্রতি ইরানি গণমাধ্যমগুলোতে এই সম্ভাব্য চুক্তির বেশ কিছু খসড়া বা শর্তাবলি সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার পর দুই দেশের ভেতরেই কিছুটা উত্তেজনা তৈরি হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সংবাদমাধ্যমগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত গণমাধ্যমের উচিত এর অভ্যন্তরীণ বিষয় বা শর্তাবলি নিয়ে আগাম কোনো অনুমান বা জল্পনা-কল্পনা করা থেকে বিরত থাকা।’

তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ নীতির অংশ হিসেবে, সঠিক সময়ে চুক্তির সমস্ত বিবরণ ও শর্তাবলি জনগণের সামনে বিশদভাবে প্রকাশ করা হবে।’

এদিকে গত কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে ব্যাপক হামলা-পাল্টা হামলা চলছে। এর মধ্যে পর্দার আড়ালে চলতে থাকা এই আলোচনা এখন চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ বা জটিলতা রয়ে গেছে।

এর আগে চুক্তি সংক্রান্ত তথ্য ইরানি গণমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘গণমাধ্যমে (ইরানি মিডিয়ায়) যা ছড়ানো হচ্ছে, তার সঙ্গে লিখিতভাবে সম্মত হওয়া শর্তগুলোর কোনো সম্পর্ক বা মিল নেই।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD