শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

যে কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে গণধর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের বন্দরে খালার বাড়ি বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন কিশোরগঞ্জের এক কিশোরী (১৯)। বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলতে ডেকে নিয়ে সোমবার সন্ধ্যায় বন্দরের হাজীপুর এলাকায় গণধর্ষণ করে ৬ জন।

ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির‌্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ওই কিশোরী গত ১৫ ফেব্রুয়ারি বন্দরের একরামপুর এলাকায় খালার বাড়ি বেড়াতে আসেন। গত ৬ মার্চ দুপুরে তিনি ওষুধ কেনার জন্য দোকানে যান। পরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা এক নারী বিদেশ যাওয়ার বিষয় নিয়ে অপর আরেকজনের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় কিশোরী ওই অজ্ঞাতনামা মহিলার কাছ থেকে আদম বেপারীর মোবাইল নম্বর নেন। পরে তিনি আদম বেপারীর নম্বরে ফোন দিলে আদম বেপারী তার নাম আলাউদ্দিন বলে জানায়।

এরপর আদম বেপারী আলাউদ্দিন বিদেশ যাওয়ার বিষয় নিয়ে কথা বলার জন্য গত ৭ মার্চ (সোমবার) সন্ধ্যায় ওই কিশোরীকে মোবাইল ফোনে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসতে বলে।

আলাউদ্দিনের কথামতো সরল বিশ্বাসে কিশোরী ফরাজিকান্দা রেললাইন এলাকায় এলে আলাউদ্দিন তাকে রিকশায় করে বন্দরের হাজীপুর মেরিন ট্রেনিং সেন্টারের পাশের ফাঁকা মাঠে নিয়ে যায়। আলাউদ্দিনসহ সেখানে আগে থেকে অবস্থানরত আরও ৫ জন কিশোরীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD