শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :

যে কারণে পিছয়ে গেল জলিলের ‘দিন: দ্য ডে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল (২৪ ডিসেম্বর) মুক্তি পাওয়ার কথা ছিল ঢালিউডের আলোচিত প্রযোজক ও নায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। তবে শেষ মূহুর্তে এসে আটকে যায় সিনেমাটি। ঘোষণা দিয়েও সময় মতো সিনেমাটি মুক্তি দিতে না পারার কারণ জানিয়েছেন এই নায়ক।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে অনন্ত জলিল বলেন, ‘সিনেমাটি (দিন: দ্য ডে) নির্মাণ হয়েছে ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। এটি আন্তর্জাতিক মান ও পরিমণ্ডলের সিনেমা। এখানে সবকিছু আমার একার সিদ্ধান্তের ওপর নয়। ইচ্ছে থাকলেও তাই ২৪ ডিসেম্বর মুক্তি দিতে পারিনি।’

তিনি বলেন, ‘আমরা এটি বাংলাদেশে মুক্তি দিলে ইরানের প্রযোজককেও একই তারিখে মুক্তি দিতে হতো। তাদের পরিকল্পনায় ছিল আফ্রিকা, রাশিয়া ও মধ্যপ্রাচ্যে ছবিটি মুক্তি দেওয়ার। সেখানে এখন করোনার নতুন ধরন ওমিক্রন মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। তাই সিনেমাটি মুক্তির যে প্ল্যান ছিল সেটি বাতিল করতে হয়েছে।’

অনন্ত জলিল আরও যোগ করেন, ‘আমি তুরস্কে ছিলাম ব্যবসায়িক একটি কাজে। তাই অনেকে আমার খোঁজ করেও সাড়া পাননি সিনেমা মুক্তির ব্যাপারে তথ্য দেওয়ার জন্য। আমার মিডিয়া ম্যানেজারও বুঝে উঠতে পারেননি কি সিদ্ধান্ত আসবে। আপাতত এটাই আপডেট যে ওমিক্রনের জন্য মুক্তি পিছিয়েছে। নতুন তারিখ ঠিক করে জানাব।’

এই অভিনেতা জানান, সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।

এই সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন দেশে সন্ত্রাসগোষ্ঠী দমনের অভিযানে অংশ নেবেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন বর্ষা এবং ইরান ও লেবাননের অভিনেতারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD