মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে ছয় বছর আগে সামরিক বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসার সময় যে গ্রাম রেখে এসেছিলেন তার কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছে রোহিঙ্গা প্রতিনিধিরা।
ফিরে এসে তাদের দাবি, মিয়ানমার তাদের নাগরিকত্ব দেবে। না দিলে তারা মিয়ানমারে ফিরবে না। এ অবস্থায় প্রশ্ন উঠেছে আদৌ কি রোহিঙ্গাদের প্রত্যাবাসন আলোর মুখ দেখবে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মিয়ানমারের মংডু শহরের আশপাশে পরিদর্শনকালে পরিস্থিতির ব্যাপক উন্নতি দেখা গেছে। সেখানে স্বাধীনভাবে চলাফেরা করা, ব্যবসা করা মানুষের ৮০ শতাংশই দেখা গেছে রোহিঙ্গা। সেখানে প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি দেখা গেছে।
তিনি বলেন, তিন নারীসহ ২০ রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমারে সন্তুষ্টির কথা জানালেও টেকনাফ জেটি ঘাটে পৌঁছে অসন্তুষ্টির কথা বলেছেন। রোহিঙ্গা প্রতিনিধিরা কেন অসন্তুষ্টির কথা বলছেন সেটি তার বোধগম্য নয়।
প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার ঘুরে আসা রোহিঙ্গা মোহাম্মদ সেলিম বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ আমাদের ক্যাম্প দেখিয়েছে। আমরা তাদের জিজ্ঞাসা করি, ক্যাম্প কাদের জন্য। তারা বলেছে, আপনাদের জন্য। আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি, এখানে এলে আমরা এ দেশের নাগরিকত্ব পাব কি না, মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছেন পাবেন না। আপনাদের এমবিসি কার্ড নিয়ে থাকতে হবে।
তিনি আরও বলেন, মিয়ানমারে অন্যান্য জনগোষ্ঠী যেভাবে সুযোগ-সুবিধা ভোগ করছে সেভাবে যদি আমরা অধিকার না পাই তাহলে আমরা মিয়ানমারে ফিরে যাব না।
একই ধরনের মন্তব্য করেছেন রোহিঙ্গা দম্পতি ইলিয়াছ ও জমিলাসহ অন্য রোহিঙ্গারাও।
এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি হয়েছে প্রায় ৫ বছর। কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার।
এর আগে, গত ১৫ মার্চ টেকনাফ হয়ে বাংলাদেশে আসে মিয়ানমার সরকারের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করে।
প্রতিনিধিদলটি টানা সাত দিন টেকনাফের স্থলবন্দর রেস্ট হাউজে অবস্থান করে বাংলাদেশে আশ্রিত ১৪৭ রোহিঙ্গা পরিবারের মোট ৪৮৬ জন রোহিঙ্গার সাথে সরাসরি কথা বলে। আর তাদের দেওয়া বক্তব্য রেকর্ড করে। গত ২২ মার্চ সকালে প্রতিনিধিদলটি নাফ নদী পার হয়ে মিয়ানমারে ফিরে যায়।
ওই সময় মিয়ানমারের প্রতিনিধিদলকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, যাদের প্রত্যাবাসন করা হবে সেই সব রোহিঙ্গা যাতে আগে থেকে রাখাইনের সার্বিক পরিবেশ স্বচক্ষে দেখে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গা প্রতিনিধিদল শুক্রবার রাখাইন যান।