চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রিপুরা সুন্দরী ভরনছড়ি বড় খোলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রায় ১৩ হাজার লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় আটক চার ব্যক্তিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন। জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
গত ৮ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রিপুরী সুন্দরী ছড়া এলাকা থেকে ১২ হাজার ৮শ ৫০ লিটার চোলাই মদসহ লিয়াকত আলী, আজগর আলী, নুর হোসেন ও রমজান আলীকে গ্রেপ্তার করে র্যাব। ওইদিনই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা হয়। পরে র্যাব ৩৫০ লিটার মদ রেখে সাড়ে ১২ হাজার লিটার মদ ঘটনাস্থলেই ধ্বংস করে। এ মামলা হাইকোর্টে জামিন আবেদন করেন ওই চারজন। হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেন।