বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় পলাশ (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিএনপি কর্মী বলে জানা গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আটটার দিকে সবুজবাগের রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন একটি মুদিদোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পলাশ পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, রাত আটটার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পের পাশে একটি মুদিদোকানে বসেছিলেন পলাশ। এ সময় দুর্বৃত্তরা তারকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা তাকে প্রথমে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, সবুজবাগ এলাকায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD