রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

রামেক করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১৯ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন করোনায়, ছয়জন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনামুক্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩৭৬ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.০৫ শতাংশ।

এদিকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ ৯ম দিনের মতো চলছে রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউন। এ সর্বাত্মক লকডাউন দ্বিতীয় দফায় ২৪ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে প্রথম দফায় ১৭ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ছিলো।

সর্বাত্মক লকডাউন পরিস্থিতি সবসময় অবলোকন করছেন প্রশাসন। কিন্তু রাজশাহী নগরীর মানুষ লকডাউন মানলেও আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংক-বীমা, কাঁচাবাজার খোলা রাখা ও আম পরিবহন ও বিপণনের জন্য বেশ কিছু মানুষকে বিভিন্ন সময়ে বাইরে চলাচল করতে দেখা যাচ্ছে।

পুলিশ প্রশাসন এ ব্যাপারে বেশ সতর্ক দৃষ্টি রেখেছেন। তারা লকডাউনে বাইরে চলাচলকারীদের পথ রোধ করছেন এবং সন্তোষজনক উত্তর পেলেই তাদের গন্তব্যে যেতে দিচ্ছেন। এ সর্বাত্মক লকডাউনে আমসহ কৃষিজাত পণ্য পরিবহন ও জরুরি সেবা পরিবহন ছাড়া দূরপাল্লার বাস, স্থানীয় গণপরিবহন ও রাজশাহী রেল স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যা কিনা আগামী ২৪ তারিখ মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD