শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

রাশিয়া থেকে ঢাকায় এলো ইউরেনিয়াম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ইউরেনিয়াম বহন করা এক কার্গো রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (০২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কার্গোটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাশিয়ার পারমাণবিক সংস্থা-রোসাটমের বাংলাদেশের পিআর সংস্থা-ট্রাইউইন গ্রুপের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা বলেন, প্লেন থেকে ইউরেনিয়াম গাড়িতে লোড করতে ৪ ঘণ্টা লাগবে। সেক্ষেত্রে শনিবার ভোর রাত ৪টার দিকে ঢাকা থেকে ইউরেনিয়ামবাহী গাড়ি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হবে।

এর আগে, শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানিবাহী বিমানটি ইতোমধ্যে রাশিয়া থেকে রওনা হয়েছে। ভারতে বিরতি নিয়ে ইউরেনিয়ামবাহী বিমানটি ঢাকায় পৌঁছাবে।

মন্ত্রী জানান, জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রূপপুরে নেওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালানটি রূপপুরে পৌঁছাবে।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৯টি ফ্লাইটে দেশে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি ও দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ‍্যাসেম্বল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এই চালান দেশে আসার কথা।

এর আগে, ২৪ সেপ্টেম্বর এই ইউরেনিয়াম আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে জটিলতা থাকায় তা শেষ পর্যন্ত দেশে আসতে পারেনি। তারও আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD