দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
আজ রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
আজ দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণা শেষে অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।
আজ রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক হয়। জোটের শীর্ষ নেতারা এতে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ ছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারী বৈঠকে উপস্থিত ছিলেন।
জোটসংশ্লিষ্ট নেতাদের উপস্থিতিতে বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, সে বিষয়ে আলোচনা করা হয়।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।