বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :

রিমান্ড শেষে কারাগারে এহসান গ্রুপের রাগীবসহ ৪ ভাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসানসহ চার ভাইকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাসুদের আদালতে তাদের হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, ৯ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানায় রাগীব এবং তার চার ভাই আবুল বাশার, শামীম, মাহমুদুল হাসান ও খায়রুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠীর হারুণ অর রশীদ নামের এক ব্যক্তি ৯৭ ব্যক্তির এহসানে গচ্ছিত ৯১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন।

এ মামলায় ওই দিন র‌্যাব ঢাকা থেকে রাগীব ও তার ভাই আবুল বাশার এবং পিরোজপুর থেকে অন্য দুই ভাই মাহমুদুল হাসান ও খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তবে শামীম এখনও পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী এমডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, রাগিবসহ ৩ ভাইকে ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আগামী দিন ৪টি মামলায় শ্যোন আরেস্ট দেখানো হবে। সমস্ত মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, রাগিবসহ তার ৩ ভাই জামিন আবেদন করেছিলেন। পুলিশের রিমান্ড শেষে আজ তাদের হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, এই মামলায় আদালত ১৩ সেপ্টেম্বর রাগীব ও তার ভাইদের ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পরবর্তীতে রিমান্ড চলাকালীন ১৯ সেপ্টেম্বর ৫টি মামলার মধ্যে ৪টি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অন্যটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিআইবি) হস্তান্তরের নির্দেশ দেয় পুলিশ হেড কোয়ার্টার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD