বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নতুন করে গঠন হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব বিলুপ্ত করার পর নতুন করে এসআরবি গঠন করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই। র‍্যাব বিলুপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় সম্পদ অপচয় না করে নতুন সংস্থায় সেগুলো হস্তান্তর করা হবে।’

র‍্যাব বিলুপ্ত করার বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহার ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকারের অংশ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘র‍্যাব বিলুপ্ত করা ছিল সরকারের প্রতিশ্রুতি। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সময়ের চাহিদা বিবেচনায় নতুন একটি বাহিনী গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। সেই প্রয়োজন থেকেই এসআরবি গঠন করা হচ্ছে।’

বিরোধী দলের নোট অব ডিসেন্টের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘কোনো পরামর্শ ছাড়াই এত দ্রুত বিলটি পাস করা যোগ্য, এটা তারা বলেছেন। আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, ২৪-এর গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল বিলুপ্ত করা হবে। আমাদের নির্বাচন ইশতেহারে ছিল, সব পক্ষের দাবি ছিল র‍্যাব আমরা বিলুপ্ত করছি।’

বিলটি নিয়ে পর্যাপ্ত আলোচনা ও পরামর্শ হয়নি, বিরোধী দলের এমন বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিলটি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া প্রকাশের পরও সংশ্লিষ্টদের মতামত নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিলটা এখানে উত্থাপনের পরে আমরা চার-পাঁচ কার্যদিবসে সেটা আলোচনা করেছি। স্থায়ী কমিটিতে আলোচনা করেছি। বাইরের স্টেকহোল্ডারদের আমরা বিভিন্ন মতামত ওয়েবসাইটে পেয়েছি। সবগুলো কনসিডার করেছে। সুতরাং আলোচনা হয়েছে, পরামর্শ হয়েছে।’

স্থায়ী কমিটির প্রতিবেদনে বিরোধী সদস্যদের প্রস্তাব অনুযায়ী সংশোধনী গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD