দেশে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে দুই হাজার ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে এক লাখ এক হাজার ৪৪২ জনে দাঁড়াল। এদিকে, গত এক দিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে।
আজ সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
অধিদপ্তরের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, গত আগস্ট থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যা সেপ্টেম্বরে বড় আকার ধারণ করেছে। অক্টোবরে বাড়ছে আরো। গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে আগস্টে যা ছিল ২০ হাজার ৫৩৬।
জুন মাসে দুই হাজার ৯০৬ এবং জুলাই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে চলতি অক্টোবরের ১২ দিনেই ২১ হাজার ৮২২ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৫ হাজার ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে দুই হাজার ৪২৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চলতি অক্টবরো এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।