সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

লাদাখ সীমান্তে প্রবেশ করেছে চীনা সেনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

 

চীন ও ভারতের মধ্যে বেশ কিছু দিন ধরেই সিকিম ও লাদাখ সীমান্তে চলছে উত্তেজনা। চীনা সেনারা ইতোমধ্যে লাদাখের ভারতীয় সীমানায় প্রবেশ করেছে বলে স্বীকার করেছে নয়াদিল্লি।

দেশটির গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানিয়েছেন। তবে চীনের এই আগ্রাসন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরেই লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) বরাবর যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। দুই দেশের সেনাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কা তথা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে এতদিন সরকারিভাবে ভারত এ নিয়ে মুখ খোলেনি।

অবশেষে গতকাল মঙ্গলবার একটি বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বর্তমান যে পরিস্থিতি তাতে একথা সত্যি যে, সীমান্তে চীনা সেনা মোতায়েন আছে। ওদের দাবি, ওটা তাদের সীমানা। আর আমাদের দাবি, ওটা ভারতের সীমানা। এটা নিয়ে একটা মতানৈক্য তৈরি হয়েছে। সীমান্তে একটা বড় সংখ্যার চীনা সেনা মোতায়েন রয়েছে। তবে এর জন্য যা যা করা উচিৎ ভারতও সেটা করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর অস্ত্রশস্ত্র মোতায়েন করছে চীন। কিছুদিন আগে জানা যায়, প্যাংগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে বিশ্বের উচ্চতম বিমানঘাঁটিগুলির মধ্যে অন্যতম গারি গুনশায় বেশ কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করেছে চীনা সেনাবাহিনী।

এতে বলা হয়, লাইন অফ কন্ট্রোলের কাছে মোতায়েন যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম হলো- জে-১১ এবং জে-১৬। নতুন করে সেখানে টাইপ ১৫ ট্যাঙ্ক, জি-২০ হেলিকপ্টার ও জিজে-২ ড্রোন মোতায়েন করা হয়েছে।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD