সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে এ পর্যন্ত ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, তদন্তের খসড়া তালিকায় ৬১ জনের মৃত্যুর তথ্য রয়েছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

তিনি বলেন, হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে তদন্ত প্রতিবেদনের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। লক্ষ্য হলো, কোনো প্রকৃত অভিযুক্ত যেন বাদ না পড়ে এবং নির্দোষ কেউ যেন মামলায় আসামি না হন। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই তাদের দাবি ছিল নিহতের প্রকৃত সংখ্যা ও তথ্যের একটি অংশ অনুপস্থিত রয়েছে। তার অভিযোগ, তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরে নিহতদের লাশ গুমের চেষ্টা করা হয়েছিল। ফলে তদন্ত প্রতিবেদনে সেই সব ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত হয়নি। তবে যাদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে সংরক্ষিত ছিল, সেই ৬১ জনের তথ্যই তদন্তে উঠে এসেছে বলে জানান তিনি।

এ সময় হেফাজতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মুফতি হারুন ইজহারসহ সংগঠনটির একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে শাপলা চত্বর হত্যাকাণ্ড সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছায়। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর, তৎকালীন পুলিশ ও র‌্যাব প্রধান এবং ডিএমপি কমিশনারের নামও রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD