সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

মাদ্রাসা বোর্ডে পাস ৫৫.৪৯ শতাংশ, কারিগরিতে ৫৮.২০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চলতি বছর মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের পাসের হারের তুলনায় প্রায় দুই শতাংশ বেশি। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী।

জানা যায়, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয়।

তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD