কুমিল্লায় ১০ বছরের স্কুল ছাত্র মিনহাজুল আবেদিন তানিমকে অপহরণের পর হত্যা দায়ে মাহবুবুর রহমান টিটু নামের এক আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বৃহষ্পতিবার এ রায় দিয়েছেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মুহাইমেন (এস এম) বকস কল্লোল। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
জানা যায়, ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর স্কুল থেকে ফেরার পথে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র তানিমকে অপহরণের পর গলা কেটে হত্যা করে। এরপর হত্যাকারীরা তানিমের লাশ একটি ভবনের চার তলায় বস্তাবন্দী করে বালি দিয়ে ঢেকে রাখে। এরপর তারা তানিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তানিমের মা নুসরাত ফাত্মী ২৪ সেপ্টেম্বর মামলা করেন। পরবর্তীতে পুলিশ ওইবছরের ২৯ সেপ্টেম্বর মাহবুবুব রহমানকে গ্রেপ্তার করে। এরপর ৬ অক্টোবর তানিমের লাশ ও ৭ অক্টোবর তানিমের বই, খাতা, স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। পুলিশ পরে রিপন চন্দ্র দাস এবং কসাই আলমগীরকে গ্রেপ্তার করে। তিন আসামিই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৮ সালের ১৬ নভেম্বর এক রায়ে মাহবুবুর রহমানকে মৃত্যুদণ্ড এবং রিপন চন্দ্র দাস ও কসাই আলমগীরকে সাত বছর করে কারাদণ্ড দেন।
এ রায়ের পর চট্টগ্রাম আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। আর কারাবন্দি মাহবুবসহ আসামিরা হাইকোর্টে আপিল করেন। উভয় আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২০১৪ সালের ২৯ মে এক রায়ে মাহবুবের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আর রিপনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়। তবে কসাই আলমগীরকে খালাস দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন মাহবুব। এ আপিলের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ মাহবুবুর রহমানের ফাঁসি বহাল রেখে রায় দেন।