সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সাত বছর পর বাংলাদেশকে হারাল ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
সাত বছর পর বাংলাদেশকে হারাল ভারত

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারতের একচ্ছত্র প্রাধান্য ছিল। গত দুই সাফে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ধারা পরিবর্তন করে। দুবারই ভারতের জালে তিন বার করে বল পাঠিয়েছিল বাংলাদেশ নারী দল।

এবার ভারতের গোয়ায় চলমান নারী সাফ টুর্নামেন্টে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। তাতেই ২০১৯ সালের পর ভারতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা।

নারী ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন আফিদা। টুর্নামেন্ট শুরুর আগে তাকে অধিনায়ক করা হলেও কোচ পিটার বাটলার মারিয়া মান্দাকে অধিনায়ক করেন। আগের ম্যাচে অধিনায়কত্ব হারানো আফিদা এই ম্যাচে একাদশে জায়গা হারান।

তার পরিবর্তে খেলতে নামা সুরমা জান্নাত অবশ্য তেমন পারফরম্যান্স করতে পারেননি। আগের ম্যাচ মিস করা মিডফিল্ডার মনিকা চাকমা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ফিরেছেন। শিউলি আজিমকে একাদশে রাখেননি কোচ বাটলার।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন বাংলাদেশের আনিকা রানিয়া সিদ্দিকী। আজ ভারতের বিপক্ষেও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ভারত শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল।

বেশ কয়েকবার আক্রমণে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত করেছে। ম্যাচের ৩৫ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন পিয়ারি। উড়ন্ত বল বাংলাদেশের ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি। বক্সের মধ্যে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন তিনি। এই গোলে ভারত লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল পরিশোধ করতে গিয়ে উল্টো আরেকটি হজম করে। এটিও বাংলাদেশের ডিফেন্ডারের ভুলে। ভারতীয় ফরোয়ার্ডকে বক্সের মধ্যে ফাউল করেন বাংলাদেশের ডিফেন্ডার সুরমা জান্নাত।

রেফারি পেনাল্টির বাশি বাঁজান। বদলি হিসেবে নামা লিন্ডাকম গোল করতে ভুল করেননি। এই গোলের পরই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। বাংলাদেশের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। বাংলাদেশের পরাজয়ের ব্যবধান আরো বৃদ্ধি করেন মালাভিকা। এতে ভারত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

দুই জয়ে ভারত ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ম্যাচ হারলেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল। ৩ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গত দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশের এবারের শুরুটা আশাব্যাঞ্জক হয়নি। দুর্বল মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলে জিতেছিল প্রথম ম্যাচ। ঐ ম্যাচে এক পর্যায়ে মালদ্বীপ ২-২ সমতা এনেছিল।

যে মালদ্বীপ ভারতের জালে বল পাঠাতে পারেনি উল্টো ১১ গোল হজম করেছিল। ঐ দিনের মতো আজও বাংলাদেশের পারফরম্যান্স ছিল ম্রিয়মাণ। নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল দেখা যায়নি। ঋতুপর্ণা চাকমার কয়েকটি দুরপাল্লার শটই ছিল বাংলাদেশের ভরসা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD