স্টাফ রিপোর্টার : দেশব্যাপী কঠোর লকডাউন উপেক্ষা করে জীবিকার তাগিদে জীবন হাতে নিয়ে মানুষ ঢাকা ফিরছেন। ফেরি, লঞ্চসহ বিভিন্ন ধরনের যানবাহনে কর্মজীবীরা গাদাগাদি করে ফিরছেন। সর্বত্রই স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে খোদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যতবারই আমরা চাই সংক্রমণের লাগাম টানতে, বৈজ্ঞানিক পরামর্শ মতো সংক্রমণের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে, কোনোবারই তা শেষ পর্যন্ত নিতে পারলাম না। ক্ষতি তো সবার হচ্ছেই। সামনে পরিস্থিতি কী হবে তা নিয়ে খুবই শঙ্কিত।
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু ঘটেছে এ বছরের জুলাই মাসে। সর্বোচ্চ শনাক্তও ছিল জুলাই মাসেই। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, গত জুলাই মাসে মারা গেছেন ছয় হাজার ১৮২ জন, যা গত বছর জুলাইতে ছিল এক হাজার ২৬৪ জন। গত বছরও জুলাই মাসেই ছিল সর্বোচ্চ মৃত্যু। সে হিসাবে গত বছর জুলাইয়ের তুলনায় এ বছর জুলাইতে মৃত্যু পাঁচ গুণ বেশি হয়েছে। অন্যদিকে জুলাই মাসে তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন শনাক্ত হয়েছেন। এর আগে গত এপ্রিলে ছিল এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন। গত বছর জুনে দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ৯৮ হাজার ৩৩০ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেছেন, শুধু একটি সেক্টরের কারণে আমরা বারবার পিছিয়ে পড়ছি, অন্য সব সেক্টর ধৈর্য ধরে সহ্য করলেও একটি সেক্টর যেভাবে লাখ লাখ শ্রমিককে অমানবিকভাবে টানাহেঁচড়া করে নানাভাবে ঝুঁকি-দুর্ভোগের মুখে ঢেলে দেয়, তাদের চলাচলপ্রক্রিয়ায় যুক্ত হয়ে পড়া লাখো মানুষের মধ্যে সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী করে তোলে, তার চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! তারা কেন বোঝে না করোনাভাইরাস শুধু স্বাস্থ্যের বিষয় নয়, সবার বিষয়। সমন্বিত মনোভাবে যার যার বিভাগের দায়িত্ব পালন না করলে এই মহামারি থেকে সুরক্ষা মিলবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কিন্তু আমরা স্বাস্থ্যের লোকজন-চিকিৎসক-নার্সরা তো আর রাস্তায় নেমে মানুষের চলাফেরা ঠেকাতে পারি না। ব্যবসা-বাণিজ্যিক অঙ্গনকে নিয়ন্ত্রণের দায়িত্ব তো আমাদের না। গার্মেন্ট সেক্টরের প্রতি আমাদের অনুরোধ ছিল, অন্তত ১৪টা দিন সময় দেন, দেখি না কতটা কমানো যায়, কিন্তু এবারও তা হলো না। এটাই বড় আক্ষেপ। এখন তো আবার বেড়ে যাবে। সামনে আক্রান্ত ও মৃত্যু কতটা বাড়বে তা নিয়ে খুবই শঙ্কার মধ্যে পড়ে গেছি।
জাহিদ মালেক, জীবিকা জরুরি—এটা কে না জানে। কিন্তু জীবন বাঁচলে তো জীবিকার প্রশ্ন। যারা মারা গেছে তাদের পরিবারগুলোর কী অবস্থা! আমরা একদিকে রোগ কমাই, অন্যরা আবার রোগ ছড়িয়ে দিয়ে হাসপাতাল ভরে ফেলে, আর দোষ হয় আমাদের। রোগের উৎস যারা বন্ধ করতে পারে না তাদের যেন কোনো দোষই কেউ দেখে না!
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, দেশে টানা আট দিন ধরে করোনাভাইরাসে দুইশর ওপরে মানুষের মৃত্যু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইশর বেশি মানুষ। এই আট দিনে মোট মারা গেছেন এক হাজার ৮৭০ জন এবং মোট শনাক্ত হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৪ জন।
গত ২৫ জুলাই মারা গেছেন ২২৮ জন, শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন; ২৬ জুলাই মারা গেছেন ২৪৭ জন, শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন; ২৭ জুলাই মারা গেছেন ২৫৮ জন, শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন; ২৮ জুলাই মারা গেছেন ২৩৭ জন, শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন; ২৯ জুলাই মারা গেছেন ২৩৯ জন, শনাক্ত ১৫ হাজার ২৭১ জন; ৩০ জুলাই মারা গেছেন ২১২ জন, শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন; ৩১ জুলাই মারা গেছেন ২১৮ জন, শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন এবং ১ আগস্ট মারা গেছেন ২৩১ জন আর শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ১৪২ জন এবং মহিলা ৬ হাজার ৭৭৪ জন। এছাড়া এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।
বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ০ থেকে ১০ বছরের ৫৯ জন, ১১ থেকে ২০ বছরের ১৩৫ জন, ২১ থেকে ৩০ বছরের ৪৬১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ হাজার ২৩১ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ হাজার ৫৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪ হাজার ৯৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ৬ হাজার ৫০২ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩ হাজার ৬৩৭ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ হাজার ১৪৫ জন, ৯১ থেকে ১০০ বছরের ২৩০ জন এবং ১০০ বছরের উর্ধ্বে ২৬ জন।
এছাড়া ঢাকা বিভাগে মারা গেছেন ৯ হাজার ৫৫৮ জন, চট্টগ্রামে ৩ হাজার ৯৪১ জন, রাজশাহীতে ১ হাজার ৬০৯ জন, খুলনায় ২ হাজার ৭৯৭ জন, বরিশালে ৬৬২ জন, সিলেটে ৭৭১ জন, রংপুরে ১ হাজার ৪৩ জন এবং ময়মনসিংহে ৫৬২ জন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮ হাজার ২৪২ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২ হাজার ৭৭ জন, বাসায় মারা গেছেন ৫৭২ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ২৫ জনকে।
লাইট নিউজ