বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সিজারের ক্ষেত্রে চিকিৎসকদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারিয়ান সেকশন (সিজার) করানোর ক্ষেত্রে চিকিৎসকদের নিরুৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সাথে নবজাতকদের শালদুধ খাওনোর ব্যাপারে মায়েদের উৎসাহিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর পেছনে পুষ্টির অভাবকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে হামে মৃত্যুর ঘটনা তেমন ছিল না। তবে বর্তমানে এই প্রবণতা দেখা যাচ্ছে, যার অন্যতম কারণ শিশুরা মায়ের শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে। অনেক মা শিশুদের ঠিকমতো বুকের দুধ খাওয়ান না এবং শিশুরা প্রয়োজনীয় সুষম খাবারও পায় না। এই পরিস্থিতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অসুস্থ মানুষের শেষ ভরসাস্থল হলেন চিকিৎসক। চিকিৎসকদের আন্তরিক আচরণ ও সান্ত্বনাদায়ক কথা অনেক সময় রোগীকে মানসিকভাবে সুস্থ হতে বড় ভূমিকা রাখে। মহান আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও যোগ্যতা দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন।

দেশে যক্ষ্মা (টিবি) রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহ এবং সেখানেই ফিজিওথেরাপি সেবা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD