মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সিটি করপোরেশনের সেই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
সিটি করপোরেশনের সেই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার ঘটনায় অভিযুক্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে এবার চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহার পরদিন কাউকে কিছু না জানিয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

এসব এলাকায় বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এ দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এবার সেই দুই কর্মকর্তাকে অসদাচরণের অভিযোগে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এই দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া কাজী সালেহ মুস্তানজির।

প্রজ্ঞাপনে জানানো হয়, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন অনুযায়ী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং তাদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন। সাময়িক বরখাস্তকালে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD